রাজপথের আন্দোলন-সংগ্রামে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে। পাঁচ অথবা সাত সদস্যের আংশিক কমিটির খসড়া ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এরই মধ্যে ছাত্রদলের বর্তমান শীর্ষ নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি ছিল সংক্ষিপ্ত।
দলীয় সূত্র জানায়, সাক্ষাতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ও ত্যাগের প্রশংসা করেন তারেক রহমান। একই সঙ্গে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি। বিদায়ী নেতাদের পর্যায়ক্রমে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
বিদায়ী নেতারাও এ সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন। দল ভবিষ্যতে রাজপথ কিংবা সাংগঠনিক যে দায়িত্ব দেবে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক হন। পরে ওই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।
এদিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট দেন। সেখানে তিনি বর্তমান কমিটির কার্যক্রম ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
নতুন কমিটি ঘোষণার সম্ভাবনায় শেষ মুহূর্তে পদপ্রত্যাশীদের তৎপরতাও বেড়েছে। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন পর্যায়ে লবিং-তদবির চালিয়ে যাচ্ছেন তারা।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় থাকা নেতাদের বিষয়ে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়েছেন তারেক রহমান। পুরো প্রক্রিয়াটি তিনি নিজেই তদারক করছেন। ফলে নতুন কমিটি গঠনে ব্যক্তিগত প্রভাব বা কোনো সিন্ডিকেটের ভূমিকা থাকবে না বলে মনে করছেন দলটির ওই নেতা।
তবে নতুন কমিটি কোন সেশনের নেতাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সদ্য সংবাদ/এসকে