বর্তমান সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাটিতে হওয়ার কথা। তবে নিরাপত্তা ইস্যুর কথা তুলে ধরে ভারতে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে বিসিবি।
বাংলাদেশের ম্যাচগুলো শেষ পর্যন্ত ভারতে হবে, নাকি শ্রীলঙ্কায় স্থানান্তর করা হবে, জয় শাহ ও বিসিসিআই কর্মকর্তাদের বৈঠকের পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ায় ম্যাচ স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আইসিসিরই।
এ প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এই বৈঠকটি সিইও ও অন্যান্য ক্রিকেট বিষয়ক আলোচনার জন্য। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বা ম্যাচের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এটি আইসিসিই নির্ধারণ করবে।’
বিসিবির নিরাপত্তা উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিতর্কিত সিদ্ধান্ত। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির পর এই সিদ্ধান্ত আসে বলে মনে করা হচ্ছে।
এরপর ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভারতে না খেলার অবস্থান নেয় বিসিবি। এ বিষয়ে বিসিবি সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘আইসিসি ও ফিফা বৈশ্বিক সংগঠন। আমরা তাদের কাছে আমাদের কারণগুলো তুলে ধরবো। অতীতে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তানে যায়নি, আবার পাকিস্তানও কয়েকটি বিশ্বকাপে ভারতে খেলেনি। আমরাও আশা করছি আইসিসির কাছ থেকে একটি ন্যায্য ও সঠিক সিদ্ধান্ত পাবো।’