জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
এ ছাড়া নতুন এ পদ পাওয়ার খবরটি ফেসবুকে পোস্ট করেছেন নয়ন নিজেই।
পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক ও যুবদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। আমি আপনাদের দিকনির্দেশনা ও দলের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আমৃত্যু কাজ করে যাব, ইনশাআল্লাহ।’
নতুন এই কমিটিতে রবিউল ইসলাম নয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রবিউল ইসলাম নয়ন মাঠপর্যায়ের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তৃণমূল স্তর থেকে ছাত্রদলের রাজনীতি করে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, স্লোগান ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন।
রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে মাঠে সক্রিয় উপস্থিতির কারণে তিনি আলোচনায় ছিলেন।