রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন ঘুন্টিঘর এলাকার মাদক স্পটে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দয়াগঞ্জ ঘুন্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামসুল হক, মো. ইকবাল হোসেন জিহাদ, আরাফাত হোসেন শামীম, মো. আব্দুল্লাহ রাহুল, মোহাম্মদ হোসেন, সাইমুর, ইমন, অভি, মো. রাফিন, জুনায়েদ হোসেন, মো. সাইদ হোসেন, আনোয়ার হোসেন, মো. ইমরান আরাফাত, মো. মারুফ হোসেন, সাহিদুর, মো. উজ্জল, মো. রবিন, মো. মাসুদ, মো. দুলু, ফরিদ বেপারী, মো. জনি, কবির, ইউসুফ, মো. আল রাব্বি, মো. শুভ, মো. শাওন, মো. সেন্টু মিয়া এবং একজন শিশু। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনে একাধিকবার অভিযান চালানোর পরও ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। এ পরিস্থিতিতে শুক্রবার সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত শনিবার একই মাদক স্পটে অস্ত্র উঁচিয়ে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনা তৈরি হলে গত রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
সদ্য সংবাদ/এআর