কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৬ ২১:৪৪:৩৭
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা বিমানবন্দর, মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, একাধিক স্কুল ও বলিউড তারকা অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই হুমকি বার্তায় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার কথা বলা হয়েছে। পৃথক দুটি ঘটনায় হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট স্থানগুলোতে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এখন পর্যন্ত কোথাও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়ার খবর মেলেনি।

শুক্রবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) মেয়র ঋতু তাওয়াদের কার্যালয়ে একটি হুমকিমূলক ইমেল আসে। এতে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ (কেএনএ) নামে একটি সংগঠনের পরিচয় দিয়ে হামলার পরিকল্পনার কথা জানানো হয়।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ইমেলে আগামী ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়, কয়েকটি নামী স্কুল এবং জুহুতে অবস্থিত অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’য় হামলার হুমকি দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের ‘ইন্ডিয়া ট্যুর’-এর একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আয়োজনেও হামলার হুমকি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুম্বাই পুলিশের জোন-১-এর উপকমিশনার (ডিসিপি) মণীশ কালওয়ানিয়া জানান, হুমকির তথ্য পাওয়ার পর মেয়রের কার্যালয়সহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়েছে। তবে কোথাও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, গত কয়েক মাস ধরে ভুয়া হুমকিমূলক ইমেল পাঠিয়ে আসা কোনো চক্রের সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। তবে হুমকি বার্তায় উল্লেখ করা সংগঠনটি সত্যিই এর সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, একই দিন সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও বোমা হামলার হুমকি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের একটি নারী শৌচাগারে টিস্যু পেপারের ওপর হাতে লেখা একটি হুমকির চিরকুট পাওয়া যায়। এতে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ছিল। এক পরিচ্ছন্নতাকর্মী চিরকুটটি দেখতে পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীকে (সিআইএসএফ) বিষয়টি জানান।

পরে নিরাপত্তা বাহিনী বিমানবন্দরজুড়ে তল্লাশি চালায়। তবে সেখানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

একই দিনে ভারতের দুই শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে আসা এসব হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হুমকির উৎস এবং এর পেছনে কারা রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে তারা।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২