জেন-জি নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। এই প্রজন্মকে একসময় ‘নর্দমার প্রজন্ম’ বলে আখ্যা দিলেও এবার সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছেন তিনি। কঙ্গনার নতুন মন্তব্যে জেন-জিকে দেশের ‘চালিকা শক্তি ও সম্পদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার এই অবস্থান পরিবর্তন ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আগের অবস্থান থেকে সরে কঙ্গনা বলেছেন, তরুণ প্রজন্মই দেশটির সবচেয়ে বড় শক্তি। বলেছেন, জেন-জি আমাদের দেশের শক্তি এবং জাতির জন্য এক বিশাল সম্পদ। আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে এক বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের একাংশের আপত্তিকর মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী-রাজনীতিবিদ।
সে সময় জেন-জিদের গাটার জেনারেশন বা নর্দমার প্রজন্ম বলে কটাক্ষ করেন তিনি। এমনকি তরুণদের ওই সব ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ হিসেবেও অভিহিত করেছিলেন। কঙ্গনার সেই মন্তব্য সামাজিক মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
সদ্য সংবাদ/এসআর