কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ সময় গাড়ি থেকে নববধূকে জোর করে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে কনের পরিবার।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার বিয়ে হয় রোববার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নববধূকে সঙ্গে নিয়ে বর ও স্বজনরা মাইক্রোবাসে করে বরের বাড়ির দিকে রওনা দেন।
তাদের গাড়িটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক সড়কে অবস্থান নিয়ে মাইক্রোবাসটির পথ আটকে দেন বলে অভিযোগ। এরপর তারা গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে নববধূকে নামিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
কনের পরিবারের অভিযোগ, চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক এ ঘটনায় জড়িত ছিলেন। আকস্মিক হামলায় বর ও সঙ্গে থাকা স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, মিয়াদ নামের ওই যুবকের বিরুদ্ধে এর আগে তামান্নাকে উত্ত্যক্ত করার অভিযোগও পাওয়া গেছে। তবে নববধূকে নিয়ে যাওয়ার অভিযোগের প্রকৃত ঘটনা এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনার পর বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস