শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ নির্দেশনা দিয়েছেন। রোববার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
সভায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে ইউএনও মনিরা খাতুন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল পরিবেশ থাকা প্রয়োজন। এ কারণে স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বন্ধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ‘কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।’
ইউএনও আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে মনোযোগ ধরে রাখার পাশাপাশি প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ আরও কার্যকর করা এবং শ্রেণিকক্ষে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল এবং শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মো. মইনুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেন ও রুহুল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস