পটুয়াখালীর কলাপাড়ায় এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ অন্তত ২৫ শিক্ষার্থী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিনের ছুটির সময় প্রথমে দুই-তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের শ্বাসকষ্ট, হাত-পায়ে ব্যথা, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। কয়েকজন শিক্ষার্থী অজ্ঞানও হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির। খবর পেয়ে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—আশা মনি, আয়েশা, শিরিনা, রাহিমা, রিমা, মোরশেদা, নিপা, স্বর্ণা, তামান্না, মীম, সানজিদা, চাদনী, আখি মনি, মেখলা, জান্নাতি, মারজিয়া, মিতু, তমা, রাফিয়া ও আদুরী। এ ছাড়া মো. ইকবাল হোসেন নামে এক শিক্ষকও অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল মালেক বলেন, শিক্ষার্থীদের আকস্মিক অসুস্থ হয়ে পড়ার পেছনে মানসিক চাপ বা আতঙ্কের বিষয়টি থাকতে পারে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সদ্য সংবাদ/ এআর