ফরিদপুরের বোয়ালমারীতে মেয়ের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর করা মানত পূরণ করতে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
দুধ দিয়ে গোসল করা ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বাজারে প্রকাশ্যে দুধ ঢেলে গোসল করেন তিনি। ঘটনাটি দেখতে সেখানে স্থানীয়দের ভিড় জমে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৪ বছর আগে জুলেখা বেগমের ৩০ বছর বয়সী মেয়ে মনিরা খাতুনের সঙ্গে সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির বিয়ে হয়। দীর্ঘদিন সংসার করার পর কয়েক দিন আগে নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।
জুলেখা বেগমের অভিযোগ, বিয়ের পর থেকে তার মেয়ের ওপর শারীরিক নির্যাতন করা হতো। জামাতা মাদকাসক্ত অবস্থায় সংসারে অশান্তি সৃষ্টি ও মেয়েকে মারধর করতেন বলেও দাবি করেন তিনি। মেয়েকে ওই সংসার থেকে ফিরিয়ে আনতে পারলে দুধ দিয়ে গোসল করার মানত করেছিলেন বলে জানান জুলেখা। বিচ্ছেদ সম্পন্ন হওয়ায় সেই মানত অনুযায়ী তিনি দুধ দিয়ে গোসল করেছেন।
মেয়ের বাবা মহাশিন মোল্লা (৭৪)ও একই ধরনের অভিযোগ করেন। তার দাবি, দীর্ঘদিন ধরে তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে শেষ পর্যন্ত আইনগতভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়।
তবে জুলেখা বেগম ও তার পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তার বিরুদ্ধে মাদকাসক্তি ও নির্যাতনের যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয় বলে দাবি করেছেন তিনি।
সদ্য সংবাদ/এসএস