আগামী সেপ্টেম্বর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নতুন মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, সব ধরনের জ্বালানি তেলের বর্তমান মূল্য বহাল রাখার নির্দেশনা দিয়ে সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে জুন মাসের শুরুতে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। এরপর জুলাই ও আগস্ট মাসে এসব জ্বালানি তেলের দাম আর পরিবর্তন করা হয়নি।
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
তবে সেপ্টেম্বর মাসের জন্য বিদ্যমান দামই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়ায় আপাতত বাড়তি দামের চাপ থেকে স্বস্তি পাচ্ছেন ভোক্তারা।
সদ্য সংবাদ/এসকে