দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নতুন ছবি প্রকাশ্যে এসেছে। চলতি বছরের জানুয়ারিতে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর এই প্রথম তার কোনো ছবি প্রকাশ করা হলো।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে ছবিগুলো প্রকাশ করেন মাদুরো নিজেই। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ছবি প্রকাশের সঙ্গে দেওয়া বার্তায় মাদুরো জানান, তার সন্তান, নাতি-নাতনি এবং তাকে ভালোবাসেন এমন মানুষদের জন্য এটি ছোট একটি উপহার। তিনি দাবি করেন, তারা শক্ত ও শান্ত রয়েছেন এবং ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে।
প্রকাশিত ছবিতে ধূসর ট্র্যাকস্যুট ও স্নিকার্স পরা মাদুরোকে হাসিমুখে ভিক্টরি সাইন দেখাতে দেখা যায়। আটকের পর তার শারীরিক ওজনও কমে গেছে বলে ছবিতে ধারণা করা হচ্ছে।
যদিও ছবিগুলো প্রকাশ করা হয়েছে রোববার, ছবির সঙ্গে থাকা তথ্য অনুযায়ী সেগুলো গত ২৫ জুন তোলা। এর আগের দিন উত্তর ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছবিগুলো সত্যিই আটক অবস্থায় তোলা হয়েছে কি না এবং মাদুরোর অনুমতি নিয়েই সেগুলো প্রকাশ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে এএফপি সংশ্লিষ্ট আটককেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, মাদুরোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার তেলক্ষেত্র পরিচালনায় যুক্তরাষ্ট্রকে সুযোগ দেওয়ার বিষয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পরই মাদুরোর ছবিগুলো প্রকাশ করা হলো।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে