কিরগিজস্তানের রাজধানী বিশেখে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৩১ আগস্ট) দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর মোদি ও পেজেশকিয়ানের মধ্যে এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, আলোচনায় ভারত ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ছাড়াও উভয় দেশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মোদি ও পেজেশকিয়ানের এই বৈঠক হলো। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি দেশগুলোর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও পড়েছে।
ভারত ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের একটি হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে দুই দেশের অর্থনৈতিক যোগাযোগ নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাণিজ্যিক কর্মকাণ্ডে প্রভাব ফেলছে।
এর আগে গত জুনে দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছিল। ওই সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেছিলেন ইরানের প্রেসিডেন্ট।
এদিকে বৈঠকের আগে পেজেশকিয়ান বলেন, ইরান কোনো যুদ্ধ চায় না। তবে দেশের ওপর কোনো ধরনের আগ্রাসন হলে তার কঠোর জবাব দেওয়া হবে। সম্প্রতি একটি ইরানি দ্বীপে মার্কিন হামলার ঘটনার পর তিনি এ সতর্কবার্তা দেন।
ইরানি প্রেসিডেন্টের মতে, আন্তর্জাতিক পরিসরে স্বাধীন অবস্থান তুলে ধরার সুযোগ হিসেবে এসসিওর মতো বহুপক্ষীয় প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠককেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে তেহরান।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ভারত ও ইরানের শীর্ষ নেতৃত্বের সরাসরি বৈঠক দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।
সদ্য সংবাদ/এসএস