ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’- এর কাছে ভেনেজুয়েলার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছিলেন বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।
টাইমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে হোয়াইট হাউসে ইলন মাস্কের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকের সময় ট্রাম্প দীর্ঘ সময় গ্রোককে বিভিন্ন প্রশ্ন করেন। এর মধ্যে ছিল, যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করলে ভেনেজুয়েলার জনগণের প্রতিক্রিয়া কেমন হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রোকের পক্ষ থেকে বলা হয়েছিল- মাদুরো দেশটির জনগণের মধ্যে ব্যাপকভাবে অজনপ্রিয় এবং তাকে ক্ষমতা থেকে সরানো হলে অনেক ভেনেজুয়েলান তা উদযাপন করতে পারেন। তবে গ্রোক সরাসরি মাদুরোকে আটকের পরামর্শ দিয়েছিল- টাইমের প্রতিবেদনে এমন তথ্য নেই।
এর প্রায় এক মাস পর, ২০২৬ সালের ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়।
মাদুরো আটকের পর ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে উচ্ছ্বাসের খবর প্রকাশিত হলে গ্রোকের পূর্বাভাসের সঙ্গে এর মিল দেখে ট্রাম্প মুগ্ধ হয়েছিলেন বলে টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গ্রোকের সঙ্গে ওই কথোপকথন মার্কিন সামরিক অভিযান বা মাদুরোকে আটকের চূড়ান্ত সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলেছিল কি না, তা স্পষ্ট নয়।
ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে রাষ্ট্রীয় নিরাপত্তা, সামরিক কর্মকাণ্ড ও নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআইয়ের পরামর্শ কতটা ভূমিকা রাখতে পারে, সেই প্রশ্নও সামনে এসেছে।
সদ্য সংবাদ/এসকে