স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আবেদন নিয়ে তার আইনজীবী ও স্বজনরা এখন মুন্সীগঞ্জে অবস্থান করছেন। প্যারোলে মুক্তি মিলবে কি না, সে সিদ্ধান্তের পরই জানাজায় অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
বুধবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ।
মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় বলে জানিয়েছে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। কোথায় কখন দাফন ও জানাজা হবে, তা বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।
জানা যায়, ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ।
সদ্য সংবাদ/এসআর