জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ে অংশ নিতে আবেদন করেছেন যুক্তরাজ্যের একজন আইনজীবী।
লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে এ আবেদন করেন। সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীর সঙ্গে কাজ করার উদ্দেশ্যেই তিনি আবেদন করেছেন বলে জানা গেছে।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, সালমান এফ রহমানের পক্ষে চলমান আইনি কার্যক্রমে যুক্ত হওয়ার জন্যই যুক্তরাজ্যের এই আইনজীবী বার কাউন্সিলের অনুমতি চেয়েছেন।
মামলাটিতে চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনের সময় বিভিন্ন নির্দেশনা ও কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন। এর ফলে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় অনেক ছাত্র-জনতা নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সম্পৃক্ত ছিলেন। ১৯ জুলাই দুজনের মধ্যে টেলিফোনে কথোপকথনের বিষয়টিও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
এ মামলায় সালমান এফ রহমানের পক্ষে প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করছেন মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল. হলকে আইনি লড়াইয়ে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল ব্রিটিশ আইনজীবীর আবেদনটি গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটিতে গ্রায়েম এল. হল সরাসরি আইনজীবী হিসেবে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বার কাউন্সিল।
সদ্য সংবাদ/এসএস