সরকার গঠনের ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন করে পাঁচজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রী পদে উন্নীত করা হয়েছে। সব মিলিয়ে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে ছয়জন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন দায়িত্বপ্রাপ্তদের শপথ পড়ান। শপথ নেওয়া ছয়জনের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।
নতুন দায়িত্ব বণ্টনের ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর স্থানীয় সরকারমন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।
অন্যদিকে এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম (রিতা) নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এর ফলে মন্ত্রণালয়টিতে নতুন নেতৃত্ব আসছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে। এতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শুক্রবার রাতের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন এই দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে নেতৃত্বে পরিবর্তন আসছে। পাশাপাশি মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ায় সরকারের প্রশাসনিক কার্যক্রমেও এর প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সদ্য সংবাদ/এসএস