সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের দেওয়া সাজা ও পরবর্তী গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালত বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ওসি জানান, আদালতের সেই পরোয়ানা কার্যকর করতেই গুলশান এলাকায় অভিযান চালিয়ে বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।
বিদিশা এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত।
সদ্য সংবাদ/এসএস