বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন ব্যবস্থাপনা আরও সহজ করতে ঢাকায় আলাদা ভিসা আবেদন কেন্দ্র চালু করছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে।
দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা এবং পাসপোর্টসংক্রান্ত আবেদন নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার আবেদন আগের মতোই কূটনৈতিক নোটের মাধ্যমে দূতাবাসে জমা দেওয়া যাবে।
নতুন ভিসা আবেদন কেন্দ্রটির ঠিকানা ২ এফ বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আবেদনকারীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করবে ভিসা সেন্টার। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়ম এবং কোন তারিখ থেকে বুকিং করা যাবে, সে বিষয়ে ২৭ আগস্ট বিস্তারিত জানানো হবে বলে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে।
ভিসা সেন্টার চালু হলেও নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সেবা সরাসরি দূতাবাস থেকেই দেওয়া হবে।
দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রমের সময়সূচি, আবেদন জমা দেওয়ার পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য নিয়মকানুন নিয়ে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
নতুন ব্যবস্থায় আবেদনকারীদের ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের ক্ষেত্রে দূতাবাস ও ভিসা আবেদন কেন্দ্রের আনুষ্ঠানিক ঘোষণাকে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের আশা, পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালুর ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা সংক্রান্ত সেবা আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।
সদ্য সংবাদ/এসএস