‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সনদের আলোকে বিভিন্ন দাবি জানিয়ে এর বাস্তবায়নে সহযোগিতা না করা পরস্পরবিরোধী অবস্থান।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে আলোচনার শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন, বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে। এ কারণে কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে পরে বিরোধীদলীয় উপনেতা সংসদে জানিয়ে দেন, তারা ওই কমিটিতে অংশ নিতে চান না।
এরপর বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।
তিনি বলেন, সরকার তখন থেকেই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে চেয়েছিল। এমনকি বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে বিরোধী দল ওই প্রস্তাবে সম্মত হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের অপেক্ষায় না থেকে কাজ শুরু করেছে। এ লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ রাখা হয়েছে।
তিনি জানান, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্যসহ বিভিন্ন পক্ষকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বিরোধী দল নীতিগতভাবে এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তাঁর সভাপতিত্বে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সংবিধান বিশেষজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি ও বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সাংবাদিক ও সম্পাদকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও আলোচনা করার পরিকল্পনার কথা জানান তিনি। সবার মতামত পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরবর্তী সময়ে আইন মন্ত্রণালয় ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল সংসদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদের পাশাপাশি জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার এবং বিভিন্ন পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে সংশোধনী বিল তৈরির কথা বলেন তিনি।
বিরোধী দলকে কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মতামত ও প্রস্তাবগুলো কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। ভিন্নমতের পাশাপাশি যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে, সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদে সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে সেটি কার্যকর করতে আগে সংবিধান সংশোধন করতে হবে।
এ প্রসঙ্গে বিরোধী দলের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, সব দাবি পূরণের পরও যদি সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়া হয়, তাহলে সেটিকে সহযোগিতামূলক অবস্থান বলা যায় না। তিনি বিরোধী দলকে যেকোনো সময় কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।
সবশেষে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সবকিছু চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না- দুইটা বিপরীতমুখী হয়ে যায়।’
সদ্য সংবাদ/এসকে