বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়।
তবে অভিনন্দন জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন যে প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি। দলটির দাবি, জুলাই সনদে যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রতিফলন ঘটেনি।
এনসিপির বক্তব্য অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করা হলেও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি অনুসরণ করা হয়নি। এ কারণে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের দিন সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিএনপি রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী মনোনয়নের মাধ্যমে একই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য, জুলাই সনদ যথাযথভাবে কার্যকর হলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পদ্ধতিতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ ছিল না বলে অভিযোগ করেন তিনি।
এনসিপি বলছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণকে তারা স্বাগত জানালেও নির্বাচন প্রক্রিয়া ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
সদ্য সংবাদ/এসএস