বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।
শুক্রবার (২১ আগস্ট) মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দনবার্তায় মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান ড. মুইজ্জু। তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রের পথে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। এ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
বার্তায় বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন ড. মুইজ্জু। দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা, ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের অভিন্ন প্রত্যয়ের ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন তিনি।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। একই সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা জানান তিনি।
মির্জা ফখরুলের মেয়াদে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকবে- এমন আশাবাদও ব্যক্ত করেন ড. মুইজ্জু।
এদিকে, মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের পক্ষ থেকে দেওয়া এই শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে। এক বিবৃতিতে হাইকমিশন জানায়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মালদ্বীপের ইতিবাচক অবস্থানকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে।
বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও জানিয়েছে বাংলাদেশ।
সদ্য সংবাদ/এসকে