ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত সাকের স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
সোমবার রোমের বন্ধু লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটির জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সাকের আহমেদ, টিম ম্যানেজার তায়েফ আহমেদ, সাধারণ সম্পাদক সাকিব আহমদসহ সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম ম্যানেজার তায়েফ আহমেদ। সাধারণ সম্পাদক সাকিব আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাব সভাপতি সাকের আহমেদ।
এ সময় ক্লাবের উপদেষ্টা আরিফ আহমেদ আরফিন, ডাইরেক্টর কয়েস আহমদ, অধিনায়ক মাসুম আহমেদ ও সহ-অধিনায়ক মিজান আহমেদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনায় ক্লাব সভাপতি বলেন, প্রবাসী তরুণদের ক্রীড়াঙ্গনে সক্রিয় রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’ এই বার্তাকে সামনে রেখে ক্লাবের কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।
ক্লাবের উপদেষ্টা আরিফ আহমেদ বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগেও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সুস্থ পরিবেশের সঙ্গে যুক্ত করতে ক্রীড়া সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও সামাজিক বন্ধন শক্তিশালী করতেও সহায়ক হবে।
সাকের স্পোর্টিং ক্লাবের কার্যক্রমে সহযোগিতা করছে বন্ধু লাউঞ্জ, জননী আলীমেন্টারি, জেটি ফোন সেন্টার ও মন্দ বার। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্পন্সরশিপ ও অন্যান্য সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জার্সি উন্মোচন শেষে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের আরও বেশি খেলাধুলায় যুক্ত করে একটি ইতিবাচক ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।
সদ্য সংবাদ/এসএস