দীর্ঘ বিরতির পর আবারও সচল হয়েছে কুয়েত-ঢাকা সরাসরি আকাশপথ। শনিবার (২৯ আগস্ট) থেকে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েত রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। প্রায় ছয় মাস পর ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ ফ্লাইট চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতির কারণে এতদিন এই রুটে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি অনুকূলে আসায় শনিবার থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে কুয়েত-ঢাকা রুটে তুলনামূলক কম ভাড়ায় বিভিন্ন ফেয়ার চালু করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশ বিমানে যাতায়াতের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান এ কে এম ফরহাদ।
কুয়েতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
এদিকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকার সময়ে কুয়েত থেকে বাংলাদেশে যেতে বিকল্প এয়ারলাইন্সের ওপর নির্ভর করতে হয়েছে প্রবাসীদের। এতে বিশেষ করে ছুটির সময় ও জরুরি প্রয়োজনে দেশে ফেরার ক্ষেত্রে বাড়তি ভাড়া গুনতে হয়েছে অনেককে।
বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালুর পর কুয়েত-ঢাকা রুটে টিকিটের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। সংশ্লিষ্টদের মতে, জাতীয় পতাকাবাহী বিমান সরাসরি ফ্লাইট পরিচালনা করায় অন্য এয়ারলাইন্সগুলোর মধ্যেও প্রতিযোগিতা বাড়ছে। এর ফলে টিকিটের দাম কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রবাসীদের প্রত্যাশা, বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট নিয়মিত ও সময়নিষ্ঠভাবে পরিচালিত হলে কুয়েত-বাংলাদেশ রুটে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি প্রতিযোগিতার কারণে ভবিষ্যতে বিমানভাড়াও আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে।
সদ্য সংবাদ/এসএস