শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ দায় ভারত এড়াতে পারে না।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা রাজনৈতিকভাবে দাফন হয়েছে। দিল্লিতে বসে রাজনৈতিক তৎপরতা চালালে তা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে যাবে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এরপরও শেখ হাসিনাকে ভারতে বসে আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে—এটি বাংলাদেশ সমর্থন করে না।
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক মর্যাদা, সম্মান ও বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে চায় বিএনপি।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; বরং ১৭ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের পরিণতি। সম্মুখসারিতে থাকা ছাত্রদের অবদান অস্বীকার না করলেও দীর্ঘদিনের আন্দোলনের ভূমিকাও স্বীকার করতে হবে।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ করা, সংসদ সদস্যদের স্বাধীন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য তৈরির উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করতে পারলে বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকবে না। একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপার্থক্য ও বিতর্ক থাকলেও এ ঐক্য দুর্বল করা যাবে না।
সদ্য সংবাদ/এসএস