রাজধানী ঢাকার ডেমরা থেকে কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ডেমরার সানারপাড় এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে আরও দুইবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাজুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য পাওয়ার পর তার অবস্থান শনাক্তে কাজ শুরু করে ডেমরা থানা-পুলিশ। পরে সানারপাড়ের বাসায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।
ওসি শহীদুল ইসলাম জানান, ডেমরা থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শনিবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। পরবর্তী সময়ে মেঘনা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
উল্লেখ্য, তাজুল ইসলাম তাজ কার্যক্রম নিষিদ্ধ মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও।
সদ্য সংবাদ/এসএস