বেক্সিমকো গ্রুপের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ থেকে সরানোর পর এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের বোর্ডেও তার জায়গা থাকল না।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় প্রতিষ্ঠান দুটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকসের নতুন পরিচালনা পর্ষদে সালমান এফ রহমানকে রাখা হয়নি। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই দুই কোম্পানিতে আগে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি।
তবে প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান পদে বহাল থাকছেন সালমান এফ রহমানের বড় ভাই সোহেল এফ রহমান, যিনি আহমেদ সোহাইল ফসিহুর নামেও পরিচিত।
বেক্সিমকো গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বোর্ড থেকেও এর আগে সালমান এফ রহমানকে সরিয়ে দেওয়া হয়। ফলে গ্রুপটির পুঁজিবাজারে তালিকাভুক্ত বড় তিন কোম্পানির কোনো পরিচালনা পর্ষদেই বর্তমানে তার অবস্থান থাকছে না।
বিএসইসির সভায় কমিশন চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে নতুন পর্ষদকে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সদ্য সংবাদ/এসএস