প্রতি বছর বন্যার দুর্ভোগ থেকে বাঁশখালীবাসীকে মুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বাঁশখালীর মানুষ যাতে প্রতিবছর বন্যার সঙ্গে লড়াই করতে না হয়, সে লক্ষ্যেই কাজ করবে বর্তমান সরকার।
তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে।
যার ফলে স্বাভাবিক বৃষ্টি হলেই দুই কুল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এজন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে, যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে।
পাহাড়ের ঢল যাতে মানুষের বসতবাড়ি না ঢুকে, সেজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
শনিবার (৮ আগস্ট) বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন।
এ উপলক্ষে বাঁশখালীতে আসেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এসআর