দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে- এমন একটি বিচার বিভাগ গড়ে তুলতে চায় সরকার, যেখানে সৃষ্টিকর্তার পর মানুষ ন্যায়বিচারের আশায় নির্ভর করতে পারবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, উনি ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই, তিনি দেশে ফিরুক। উনি ডিসেম্বরে এসে কারাগারে যান। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।
দেশের বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আপনার কাছে সমস্যা একরকম, আর আমার কাছে সমস্যা আরেকরকম। অনেকেই বলবেন, দুর্নীতিতে ছেয়ে গেছে। আবার অনেকেই বলবেন, টাউট-বাটপারিতে ছেয়ে গেছে। অনেকেই বলবেন, স্ট্রাকচার নেই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের।
আইনমন্ত্রী বলেন, আমি যদি বিচারকের পেশা বেছে নেই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর দশটা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। সৃষ্টিকর্তার পর মানুষ সেখানে গিয়ে যেন আস্থা ও বিশ্বাস রাখতে পারে এমন বিচার বিভাগ চাই। সেই ধারণা নিয়ে যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেদিন আমি বিশ্বাস করি, বাংলাদেশে একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায়বিচারপূর্ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যান্যরা।
সদ্য সংবাদ/এসকে