নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (MSS) ইন পলিটিক্যাল সায়েন্স এবং ইইই বিভাগে মাস্টার অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (M.Sc. Engg.) ও মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (M. Engg.) প্রোগ্রামে ভর্তির সুযোগ থাকছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে বিভাগ দুটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আবেদন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স প্রোগ্রামে আবেদনের সময় ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিভাগীয় অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফরমের মূল্য ১ হাজার ২০০ টাকা।
নোবিপ্রবি অথবা অন্য কোনো স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রবিজ্ঞান কিংবা সংশ্লিষ্ট বিষয়—আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন এবং পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
তবে আবেদনকারীর স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষাবর্ষ ২০১৯-২০ অথবা ২০২০-২১ হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ২.৫০ এবং বহিঃস্থ প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।
অভ্যন্তরীণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং বহিঃস্থ প্রার্থীদের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বহিঃস্থ শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ৪ অক্টোবর সকাল ১০টায় এবং অভ্যন্তরীণ ও বহিঃস্থ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা একই দিন বিকেল ২টায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত মূল্যায়ন ৫ অক্টোবর এবং ভর্তি ও ক্লাস শুরু হবে ৬ অক্টোবর ২০২৬।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগের প্রত্যয়নপত্র, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদন ফি জমার রশিদের ফটোকপি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকর্তার প্রয়োজনীয় অনুমতিপত্র বা অফিস আদেশও দাখিল করতে হবে।
ইইই বিভাগে দুই ধরনের মাস্টার্স
ইইই বিভাগে মাস্টার্স প্রোগ্রামে আবেদনের সময় ২০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। অগ্রণী ব্যাংক পিএলসি, নোবিপ্রবি শাখায় নির্ধারিত ব্যাংক হিসাবে ফি জমা দিয়ে মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
এ প্রোগ্রামে ভর্তির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইইই বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৪.০০ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে।
M.Sc. Engg. (EEE) প্রোগ্রামের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং (EEE) বা সমমানের ডিগ্রিতে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৩.২৫ (৪.০০-এর মধ্যে) এবং M. Engg. (EEE) প্রোগ্রামের জন্য দ্বিতীয় শ্রেণি অথবা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। নোবিপ্রবি ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারীদের বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
নোবিপ্রবি ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারীদের ৩০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এতে ইলেকট্রিক্যাল সার্কিটস, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড মেশিনস এবং ইলেকট্রনিক্স বিষয়ে ১০ নম্বর করে থাকবে। মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের। ভর্তি কমিটির প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রার্থীকেও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হতে পারে।
দেড় বছরে শেষ হবে ইইইর মাস্টার্স
ইইই বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ন্যূনতম মেয়াদ দেড় বছর বা তিনটি একাডেমিক টার্ম। উভয় ডিগ্রির জন্য মোট ৪৩ ক্রেডিট সম্পন্ন করতে হবে। এর মধ্যে M.Sc. Engg. (EEE)-তে থিওরি ২১, থিসিস/প্রজেক্ট ১৮ এবং সেমিনার/ভাইভা-ভোস ৪ ক্রেডিট। M. Engg. (EEE)-তে থিওরি ৩০, থিসিস/প্রজেক্ট ৯ এবং সেমিনার/ভাইভা-ভোস ৪ ক্রেডিট নির্ধারণ করা হয়েছে।
ইইই বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা ২ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ১১টায় এবং ভাইভা একই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩ নভেম্বর। ভর্তির শেষ তারিখ ৩০ নভেম্বর এবং ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬।
আবেদনপত্রের সঙ্গে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও গ্রেড/মার্কশিট/ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, থিসিস/প্রজেক্ট সুপারভাইজার চয়েস ফরম এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের সত্যায়িত প্রশংসাপত্র বা চারিত্রিক সনদের কপি জমা দিতে হবে।
আবেদন ফরম ও সুপারভাইজার চয়েস ফরম ইইই বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র ইইই বিভাগ, কক্ষ নম্বর ৫২১, প্রশাসনিক ভবন, নোবিপ্রবিতে জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের নির্বাচিত হলে ভর্তির আগে নিয়োগকর্তার কাছ থেকে স্টাডি লিভ বা ডেপুটেশনের প্রমাণপত্র জমা দিতে হবে।’
সদ্য সংবাদ/ এআর