চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে উপাচার্যের ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীদের দাবি, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। তাকে পুনরায় উপাচার্য পদে বহাল করার দাবিতে একদফা কর্মসূচি ঘোষণা করেন তারা।
শিক্ষার্থীরা বিক্ষোভের সময় বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল- ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার ভিসি স্যার, সায়েম স্যার সায়েম স্যার’।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর রাত সাড়ে ১১টার দিকে স্বাধীনতা চত্বরে কর্মসূচি শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্যের ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, দীর্ঘ সময় পর তারা একজন যোগ্য উপাচার্য পেয়েছিলেন। কোনো কারণ না দেখিয়েই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম শিক্ষার্থীদের প্রতি সহযোগিতাপূর্ণ ছিলেন এবং একাডেমিকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন। তাই তাদের একমাত্র দাবি, দ্রুত তাকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।
সদ্য সংবাদ/এসকে