বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী শিক্ষার্থী এই পরীক্ষায় সুপারিশ পেয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
সুপারিশপ্রাপ্ত পাঁচজনের মধ্যে রয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ ও এমদাদুল ইসলাম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের দেবব্রত ভট্টাচার্য্য।
নিজের সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে দেবব্রত ভট্টাচার্য্য বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী এবং সম্প্রতি একাডেমিক পড়াশোনা শেষ করেছেন। আগে থেকেই বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ফলাফল প্রকাশের পর আনন্দের পাশাপাশি বিস্মিতও হয়েছেন বলে জানান তিনি।
দেবব্রত বলেন, পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় তা সময়সাপেক্ষ হলেও সাফল্য একসময় আসে। নিজের বিশ্ববিদ্যালয়, শিক্ষক, ব্যাচ ও সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবার দোয়া ও সহযোগিতা তার এই অর্জনে অনুপ্রেরণা জুগিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মানসুরা খানম বলেন, আইন বিভাগ থেকে এর আগে তিনজন শিক্ষার্থী বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার একসঙ্গে পাঁচ শিক্ষার্থীর সুপারিশ পাওয়ার ঘটনা বিভাগটির জন্য বিশেষ অর্জন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কোনো নারী শিক্ষার্থী এবারই প্রথম বিজেএসে সুপারিশ পেয়েছেন। শিক্ষার্থীদের সময়মতো ভর্তি এবং সেশনজটমুক্তভাবে একাডেমিক কার্যক্রম শেষ করার ওপর বিভাগটি গুরুত্ব দিয়ে আসছে। এর ফলে শিক্ষার্থীরা দ্রুত বিজেএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বলে মনে করেন তিনি।
তবে শিক্ষার্থীদের এই সাফল্যের মূল কৃতিত্ব তাদের নিজেদের পরিশ্রম ও প্রচেষ্টার বলে উল্লেখ করেন মানসুরা খানম। ভবিষ্যতে তারা বিচার বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং গোবিপ্রবির সুনাম আরও বাড়াবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। কয়েকটি ধাপে প্রার্থী বাছাইয়ের পর যোগ্যদের বিচারক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
সদ্য সংবাদ/এসএস