চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গ্রাফিতি কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
দিনের কর্মসূচির অংশ হিসেবে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের উদ্দেশে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করেন তারা। নতুন উপাচার্যের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
শনিবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও প্রতিবাদী গ্রাফিতি আঁকার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তারা নতুন উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ক্যাম্পাসের চলমান পরিস্থিতি এবং বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে নবনিযুক্ত উপাচার্য গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা তাদের বাস্তব অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে প্রতীকী লাল কার্ড দেখিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
চুয়েটে উপাচার্য পরিবর্তনের পর থেকেই শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এর পাশাপাশি শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতির কারণেও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
সদ্য সংবাদ/এসএস