ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কাছাকাছি একটি বাগান থেকে দুই শিক্ষার্থীকে আটকের পর তাদের পরিবারের উপস্থিতিতে বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে স্থানীয় কয়েকজন তাদের আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
জানা গেছে, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদ সংলগ্ন একটি কাঁঠালবাগান থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন।
আটক দুজন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তারা যথাক্রমে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, গত কয়েকদিন ধরে রাতের সময়ে ওই দুজনকে বাগান এলাকায় আসা-যাওয়া করতে দেখা যাচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নজরদারিও ছিল। শুক্রবার রাতে বাগানের ভেতরে তাদের অবস্থান দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন তাদের আটক করেন।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে শিক্ষার্থী দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থী দুজনের আলোচনা হয়। নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে ওই ছাত্র বিয়েতে সম্মতি জানান বলে জানা গেছে। শিক্ষার্থীদের লিখিত সম্মতির ভিত্তিতে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রক্টরিয়াল বডি।
ওই ছাত্র জানান, প্রায় সাত থেকে আট মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি নিজের ভুলের কথা স্বীকার করে ওই ছাত্রীকে বিয়ে করার ইচ্ছার কথা জানান।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, খবর পাওয়ার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী দুজনকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। পরে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে তাদের পরিবারের উপস্থিতিতে বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সামাজিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস