গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য হতে আগ্রহীদের নিয়ে অরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রোভার স্কাউটের দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব সম্পর্কে নবীনদের ধারণা দেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মজনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গ্রুপ সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, রোভার স্কাউটিং শিক্ষার্থীদের ভালো কাজের প্রতি উৎসাহিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তার মতে, শুধু একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়; সত্য বলার সাহস এবং মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর মানসিকতাও তৈরি করা জরুরি।
নবীনদের উদ্দেশে তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে অর্জিত মূল্যবোধ ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে। সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা নিজেদের ইতিবাচক গুণাবলি বিকাশের পাশাপাশি অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে। রোভার স্কাউটের কার্যক্রমের অভিজ্ঞতা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরিবেশে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, রোভার স্কাউটিংয়ে নিয়মিত কার্যক্রম ও লগবুক সংরক্ষণের মাধ্যমে মূল্যায়নের সুযোগ রয়েছে। তবে শুধু সনদ অর্জনের উদ্দেশ্যে নয়, শেখার মানসিকতা নিয়ে সংগঠনের কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মজনুর রশিদ সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন। তিনি জানান, গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটের কার্যক্রম জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের রোভাররা নিয়মিত সমাজসেবা ও আত্মউন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন প্রেসিডেন্টস রোভার স্কাউট (পিআরএস) এবং ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডসহ বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্টস রোভার স্কাউট অনিক কুমার সাহা, তৌফিক এলাহি, মো. কায়েস ইসলাম, ৭ম রোভার-ইন-কাউন্সিলের সভাপতি ফারিহা নওরিন, সহসভাপতি তুষার রঞ্জন দাস রবিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি নয়ন খান, সানজিদা নাহার শোভাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস