বিভাগের নাম পরিবর্তন এবং অনুষদ বদলের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিভাগের প্রধান ফটকে তালা দেন তারা। এতে ভেতরে থাকা বিভাগীয় প্রধানসহ কয়েকজন শিক্ষক কিছু সময়ের জন্য অবরুদ্ধ অবস্থায় পড়েন।
আন্দোলনকারীদের মূল দাবি, বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করতে হবে। একই সঙ্গে বর্তমানে কলা অনুষদের অধীনে থাকা বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সকাল থেকে শিক্ষার্থীরা বিভাগ চত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের ভাষ্য, বিভাগের একাডেমিক কারিকুলামে যোগাযোগ ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয় থাকলেও বিভাগের বর্তমান নামের মধ্যে ‘কমিউনিকেশন’ শব্দটি না থাকায় চাকরির ক্ষেত্রে পরিচয়গত জটিলতার মুখে পড়তে হচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থী ইনজামুল হক অভি বলেন, দীর্ঘদিন ধরে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরছেন। প্রায় ১৪ মাস ধরে এ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তার দাবি, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন নির্দিষ্ট কিছু চাকরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান অনুষদ পরিচয় শিক্ষার্থীদের জন্য বাধা তৈরি করছে।
তিনি জানান, বিষয়টির পক্ষে প্রয়োজনীয় নথি ও তথ্য প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি কোনো অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য নয়; বরং বিভাগের একাডেমিক পরিচয়, পাঠ্যক্রম ও কর্মক্ষেত্রের সুযোগের মধ্যে সামঞ্জস্য আনার জন্য।
আরেক শিক্ষার্থী মহসিন হক শাহ বলেন, বিষয়টি যাচাই করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটি তাদের দাবির পক্ষে সুপারিশ করেছে বলে তিনি জানান। এরপরও সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকায় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জিল্লুর রহমান পল বলেন, বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের বিষয়টি নিয়ে একাডেমিক কমিটি এবং সিন্ডিকেট অনুমোদিত বিশেষজ্ঞ কমিটি পর্যালোচনা করেছে। আলোচনার পর উভয় দাবিকে যৌক্তিক হিসেবে বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
আন্দোলনস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহাবুবুর রহমান জনি শিক্ষার্থীদের জানান, বিষয়টি আগামী সিন্ডিকেট সভায় তোলা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনার পর দাবি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৩ অক্টোবর সিন্ডিকেট সদস্যদের সিদ্ধান্ত জানা যাবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তার নেই। সিন্ডিকেটের সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতেই বিষয়টি নিষ্পত্তি হবে। তবে শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে বৃহত্তর স্বার্থ বিবেচনায় প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভাগটির নাম ও অনুষদ পরিবর্তনের বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উদ্যোগ শুরু হয় ২০২৫ সালের সেপ্টেম্বরে। পরে বিভাগের একাডেমিক কমিটির সভায় এ বিষয়ে সুপারিশ করা হয়। এরপর ১৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি যাচাইয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
তদন্ত শেষে ওই কমিটি বিভাগের নাম ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করার পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার সুপারিশ করে।
পরে ২৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগের নামের সঙ্গে ‘কমিউনিকেশন’ যুক্ত করার বিষয়টি আলোচনায় আসে। সেখানে নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কথা বলা হয়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, আগের সিদ্ধান্ত ও সুপারিশের পরও বিষয়টি চূড়ান্তভাবে বাস্তবায়িত না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার একাডেমিক কার্যক্রম বর্জনের পর বৃহস্পতিবার বিভাগে তালা দিয়ে নতুন করে কর্মসূচি পালন করেন তারা।
সদ্য সংবাদ/এসএস