যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি), রংপুরের তিন শিক্ষককে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পদাবনতি পাওয়া শিক্ষকেরা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।
সিদ্ধান্ত অনুযায়ী, রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।
পদাবনতি প্রসঙ্গে উপাচার্য জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। পদাবনমনের পাশাপাশি তাঁরা কোনো নারী শিক্ষার্থীর গবেষণাকাজের তত্ত্বাবধান করতে পারবেন না।
এর আগে, ২০২৫ সালের ১৯ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে স্ক্রিনশটগুলো প্রকাশ করেন। পরে নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত পোস্ট দেন।
এ ছাড়া ১৭ এপ্রিল পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে রশীদুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ওই শিক্ষার্থী।
সদ্য সংবাদ/ এআর