রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ উঠেছে। হামলার শিকার সাংবাদিকদের দাবি, ঘটনার সময়ের ফুটেজ মুছে ফেলা হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন। তাদের দাবি, সংস্কারকাজের কারণে ওই সময় সিসিটিভি সংযোগই বিচ্ছিন্ন ছিল।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো হলের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার কথা থাকলেও পরে সেই ফুটেজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সাংবাদিকদের দাবি, হামলায় জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ বের করতে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসতে পারত। কিন্তু ঘটনার পর ফুটেজ না পাওয়ায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
তাদের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিদের দায় আড়াল করতেই গুরুত্বপূর্ণ ফুটেজ সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় সিসিটিভি ব্যবস্থা নিয়ে যথাযথ তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট সব তথ্য ও ফুটেজ সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা।
তবে সাংবাদিকদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান। তার ভাষ্য, হলের সংস্কারকাজ চলার কারণে ওই সময় সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে হামলার সময় কোনো ভিডিও ধারণ হয়নি। ফুটেজ মুছে ফেলার অভিযোগকে তিনি ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আবদুল আলীম বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংরক্ষিত রয়েছে। তদন্ত কমিটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে এবং তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট নথি ও তথ্য যাচাই করা হচ্ছে।
এদিকে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। ঘটনায় চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ নিয়ে ওঠা অভিযোগও এখন তদন্তের আওতায় আসবে কি না, তা নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
সদ্য সংবাদ/এসকে