রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চোখে কালো ব্যাজ বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ইবি ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন ইবি রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাকিব আসলাম, প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিমসহ তিন সংগঠনের সাধারণ সম্পাদক এবং অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের চোখে কালো ব্যাজ এবং হাতে বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’, ‘কালো হাত ভেঙে দাও, সাংবাদিকতার স্বাধীনতা দাও’, ‘সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করুন, রাষ্ট্রীয় ব্যর্থতা স্বীকার করুন’, ‘সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করুন’, ‘Press freedom is our right, we will fight’ এবং ‘প্রক্টর স্যার অসহায়, পুলিশ লেজ গুটিয়ে পালায়, সন্ত্রাসীরা দেশি অস্ত্র চালায়’—এ ধরনের লেখা ছিল।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘বাক্স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হওয়ায় আমরা কোনো বক্তব্য দিইনি। মুখে কালো ব্যাজ ধারণ করে মৌন প্রতিবাদ জানিয়েছি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।’
সদ্য সংবাদ/ এআর