কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সিএসই সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিফাত চৌধুরী এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিল আহমেদ মাহদী।
বুধবার (৭ অক্টোবর) সিএসই সোসাইটির সভাপতি ও বিভাগীয় প্রধান ড. মো. ফয়সল বিন আবদুল আজিজ, আহ্বায়ক পার্থ চক্রবর্তী এবং সদস্য মো. জাহিদুর রহমান ও মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নূর হাসান তারেক। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন পারভেজ হোসেন, মিফতাহুল ইসলাম রাহাত, ইমরুল কায়েস, রিফাত হোসেন ও রাকিবুল ইসলাম।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল আহমেদ মাহদী বলেন, “সিএসই শুধু একটি বিভাগ নয়, এটি আমাদের একটি পরিবার। এই পরিবারকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। বিভাগের সবাই আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার প্রতিদান দিতে সোসাইটিকে আরও সক্রিয়, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, “একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং বিভিন্ন দক্ষতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার চেষ্টা করব।”
নবনির্বাচিত সহসভাপতি মো. রিফাত চৌধুরী বলেন, “সিএসই সোসাইটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে সবাই আমার ওপর আস্থা রেখে আমাকে সহসভাপতি পদে নির্বাচিত করেছেন। সবার এই আস্থা ও বিশ্বাস আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। আমি আন্তরিকভাবে সেই আস্থা ধরে রাখতে চাই।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শিক্ষকদের সামনে যথাযথভাবে তুলে ধরা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান ও বাস্তবায়নে কাজ করা হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগপর্যন্ত একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজের সময় ও সামর্থ্যের সর্বোচ্চটা সিএসই সোসাইটির জন্য দিতে চাই।”
অ্যালামনাই কমিটিকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যেও কাজ করার কথা জানান রিফাত চৌধুরী। তাঁর ভাষ্য, এর মাধ্যমে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সুন্দর ও কার্যকর যোগাযোগের সেতুবন্ধ তৈরি করা সম্ভব হবে।
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সদ্য সংবাদ/ এআর