‘অপ্রতিম হত্যার ব্যাপারে কোনো প্রহসনমূলক বিচার আমরা মানব না’ বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক শামসুজ্জামান মিলকী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যেখানে আমরা আজকে মানববন্ধন করছি, সেখানে অপ্রতিমের বাবাকে কোর্টে ঘুরতে হচ্ছে। যত দিন এই বিচার নিষ্পত্তি না হবে, যত দিন আমরা অপ্রতিম হত্যার বিচার না পাব, তত দিন আমরা রাস্তায় দাঁড়াব। অপ্রতিম হত্যার ব্যাপারে কোনো প্রহসনমূলক বিচার আমরা মানব না। রাষ্ট্রের কর্ণধার যাঁরা আছেন, তাঁদের দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। অপ্রতিমের হত্যাকারীদের সংশোধনাগারে পাঠিয়ে এই বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা আমরা মানব না।’
তিনি আরও বলেন, ‘আমরা বাংলা বিভাগ পরিবার প্রথম থেকেই সোচ্চার আছি। যত দিন পর্যন্ত অপ্রতিম হত্যার বিচার না হবে, যত দিন পর্যন্ত খুনিদের ফাঁসি না হবে, তত দিন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাব।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলাসহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘বিচারের নামে প্রহসন, মানি না মানব না’, ‘বিচার বিচার বিচার চাই, অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘জানোয়ারের ক্ষমা নাই, অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘অপ্রতিমের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’, ‘দাবি মোদের একটাই, অপ্রতিম হত্যার বিচার চাই’ এবং ‘ন্যায়ের জন্য লড়াই হবে, হত্যাকারীর ফাঁসি হবে’ এমন বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা, অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
সদ্য সংবাদ/ এআর