দুই দিনের চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে আবার চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়। এরপর তিনি সার্কিট হাউসে ফিরে যান।
নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কয়েক দিন সার্কিট হাউসে থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করেছিলেন অধ্যাপক শেখ শরীফুল আলম। গত ১২ অক্টোবর সকালে তিনি ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবন-২-এ নিজের কার্যালয়ে প্রবেশ করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের প্রবেশপথে তালা লাগিয়ে দিলে তিনি ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ১৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সার্কিট হাউসে ফিরে আসেন।
চুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্য শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।
পরবর্তী সময়ে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও আন্দোলনে যুক্ত হন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা এখনো কাটেনি।
সদ্য সংবাদ/এআর