ঢাকার সড়কে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। রাজধানীতে অটোরিকশা চলাচলের জন্য আলাদা একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে ঢাকার বিভিন্ন সড়কে যানবাহনের চাপ, যানজটের বর্তমান পরিস্থিতি, গণপরিবহনের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালগুলোর পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নগরীতে পার্কিং সুবিধা বাড়ানো ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ ব্যবস্থার মাধ্যমে যানবাহন না থামিয়েই দ্রুত টোল আদায়ের সুযোগ তৈরি হবে।
ইটিসি ব্যবস্থাকে কেন্দ্র করে একটি বিশেষ অ্যাপ তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস