রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির একটি কোচে আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং মাত্র ছয় মিনিটের মধ্যে রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছয়টি ইউনিট পাঠানো হয়। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ট্রেনটির নামও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীবাহী ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুন জ্বলে ওঠে। তাদের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অন্য কোচগুলোর পাশে আগুনে পুড়তে থাকা বগিটি দাউদাউ করে জ্বলছে। চারদিকে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আগুন পাশের কোচগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সূত্র: ঢাকাপোস্ট
সদ্য সংবাদ/ এআর