রাজধানীর আকাশে সক্রিয় বজ্রমেঘের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের ভোগান্তি বাড়তে পারে।
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন পূর্বাভাস জানিয়েছেন। তার তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম বিভাগের দিক থেকে ধীরগতিতে একটি বৃষ্টিবাহী মেঘ ও বজ্রঝড় ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে সেটি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ওপর দিয়ে অতিক্রম করছিল। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদী এবং সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করতে পারে।
মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, মেঘমালার গতি ধীর হওয়ায় ঢাকার ওপর বৃষ্টির স্থায়িত্ব দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত হতে পারে। ফলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলে রাজধানীর নিচু এলাকা ও বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরির আশঙ্কা রয়েছে।
এদিকে ভারী বৃষ্টির সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে গিয়ে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে অফিসগামী মানুষসহ নগরবাসীর স্বাভাবিক চলাচলে ভোগান্তি বাড়তে পারে।
সদ্য সংবাদ/এসকে