ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে দায়িত্বে থাকা ১১ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রদবদলের তালিকায় রয়েছেন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার নয়জন কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এসব পরিবর্তনের কথা জানানো হয়।
এক আদেশে পিওএম দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও একাধিক ইউনিটে পরিবর্তন আনা হয়েছে। শাহবাগ ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে এবং নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির সহকারী কমিশনার নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ ট্রাফিক অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য এক আদেশে সহকারী কমিশনার স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। ওই বিভাগের সহকারী কমিশনার মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা ট্রাফিক অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল বিভাগে এবং শেরেবাংলা ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে বদলি করা হয়েছে।
লালবাগ ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ ট্রাফিক অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির পৃথক আদেশে এসব বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে