রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
পুলিশ জানায়, মিরপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় সুফলের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আরও চারটি হত্যা মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একই ধরনের ২০টির বেশি হত্যা মামলায়ও সুফলকে ওয়ান্টেড আসামি হিসেবে খোঁজা হচ্ছিল।
গ্রেপ্তার মোতাহার হোসেন সুফল যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই বলে জানিয়েছে পুলিশ।
তাঁকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ।
সদ্য সংবাদ/এসকে