রাজধানীর বনানীতে একটি ২৬ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ওই ভবনে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের দিকে দুটি ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়েছে।
তবে আগুনের উৎপত্তিস্থল বা কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সদ্য সংবাদ/এসএস