রাজধানীতে মাত্র তিন দিনের ব্যবধানে চারটি পৃথক স্থানে দখলচেষ্টা, অস্ত্রের মহড়া, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সর্বশেষ শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে শনিবার সকালেই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। একই দিন আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি আটতলা বাড়িতে অস্ত্রধারীদের হামলা ও দখলের চেষ্টার অভিযোগ ওঠে। এর আগে বৃহস্পতিবার রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
পৃথক এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা অস্ত্র প্রদর্শনের পাশাপাশি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে এবং দখলের চেষ্টা করেছে। একের পর এক এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আদাবরের শ্যামলী হাউজিংয়ের আটতলা বাড়িটিতে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের ভাষ্য, ১৫ থেকে ২০ জনের একটি দল সেখানে আসে। তাঁদের কয়েকজনের হাতে রামদা, চাপাতি ও পিস্তল ছিল।
বাসিন্দারা জানান, হামলাকারীরা প্রথমে বাড়ির প্রধান ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলেন। একপর্যায়ে তাঁরা টাকা দাবি করেন। পরে চাপাতি ও রামদা দিয়ে গেটে আঘাত করা হয়। ভাঙা হয় সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ। ইটের টুকরা ছুড়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালাও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।
বাড়িটির মালিক ব্যবসায়ী আমিনুর রহমান। তাঁর ভাতিজা মনির হোসেন বলেন, হামলাকারীদের চারজন মূল ফটকের সামনে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজনের হাতে চাপাতি এবং আরেকজনের হাতে রামদা ছিল। কিছুটা দূরে পিস্তল হাতে আরও একজন অবস্থান করছিলেন। মনিরের দাবি, ওই ব্যক্তি অন্যদের নির্দেশ দিচ্ছিলেন।
তিনি বলেন, হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলেও সফল হয়নি। প্রায় পাঁচ মিনিট সেখানে থাকার পর তারা চলে যায়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। মনিরের দাবি, ফোন করার প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আদাবর থানায় এ ঘটনায় অভিযোগ করা হয়েছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামের এক ব্যক্তি বাড়িটি দখল করেছিলেন। বিষয়টি নিয়ে আদাবর থানায় অভিযোগ করেও সমাধান না পেয়ে তাঁরা আদালতের শরণাপন্ন হন। পরে আদালত আদাবর থানাকে তদন্তের নির্দেশ দেন। এরপর বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মনির জানান, গত ১২ মার্চ তাঁরা বাড়িটির দখল ফিরে পান। প্রায় চার মাস তদন্তের পর পিবিআই একটি অভিযোগপত্রও দিয়েছে বলে তাঁর দাবি। তবে ওই অভিযোগপত্রে কী উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে তাঁরা অবগত নন।
বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে মনির বলেন, তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। নিরাপত্তার কারণে বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন।
শনিবার সকালেই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শতাধিক লোক নিয়ে চালানো ওই ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও রয়েছে। মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে রোজ ভিলার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানার নিউগ্রিন হাউজিং এলাকায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনার পর কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে স্টুডিওটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
এর এক দিন আগে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সেখানে ভাঙচুরের পর ভারী যন্ত্রপাতি এনে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সূত্র: আজকের পত্রিকা
সদ্য সংবাদ/ এআর