রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বিত দল। অভিযানে চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন আদাবর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় অটোরিকশা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামালসহ চারটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। অভিযানে ২০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তেজগাঁও ক্রাইম বিভাগ এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), তেজগাঁও বিভাগ, ডিএমপির সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।